এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক ডা: মো: আবু তাহের মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন বিদ্যালয়ের কৃতি প্রাক্তন ছাত্র ও উপসচিব জনাব ড. মো: লুৎফর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব মো: নুরুল ইসলাম।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসোসিয়েশনের সদস্য সচিব জনাব মোবারক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মো: আইয়ুব আলী রেজা সহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
দীর্ঘ আলোচনা ও মতবিনিময় শেষে উৎসবকে প্রাণবন্ত ও সফল করতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়: আগামী ঈদুল আযহার দ্বিতীয় দিন পুনর্মিলনী অনুষ্ঠানের চূড়ান্ত সম্ভাব্য তারিখ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এছাড়া অনুষ্ঠানকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মোট ১১টি পৃথক উপ-কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-উপদেষ্টা, অর্থ, শৃঙ্খলা, আপ্যায়ন, অভ্যর্থনা, স্যুভিনিয়র প্রকাশনা, সাংস্কৃতিক, ক্রীড়া এবং প্রচার ও প্রকাশনা কমিটি।
রেজিস্ট্রেশন ফি: উৎসবে অংশগ্রহণের জন্য জনপ্রতি রেজিস্ট্রেশন ফি ১০০০/- টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও পরিবারের সদস্যদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে (স্বামী/স্ত্রী ও ৫ বছরের ঊর্ধ্বে সন্তান), যাদের ক্ষেত্রে জনপ্রতি ফি দিতে হবে ৫০০/- টাকা।
সভার শেষ পর্যায়ে উপস্থিত সকলে বিদ্যালয়ের উন্নয়ন এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। কার্যকরী কমিটির পক্ষ থেকে সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করে এই মহতী আয়োজনকে সফল করার উদাত্ত আহ্বান জানানো হয়েছে। পরিশেষে, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এবিডি.কম/রাজু