নিজস্ব প্রতিবেদক,মৌলভীবাজার।। মৌলভী বাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের দীর্ঘদিনের অচলাবস্থা অবশেষে নিরসন হয়েছে। এলাকাবাসীর দীর্ঘ প্রতীক্ষা ও দাবির প্রেক্ষিতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সেখানে একজন চিকিৎসকসহ মোট ৪ জন জনবল পদায়ন করা হয়েছে।
গত সোমবার (৩০ মার্চ) মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান সশরীরে উপস্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা কেন্দ্রটির অব্যবস্থাপনা ও জনবল সংকটের বিষয়টি তার নজরে আনেন। এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং পরদিন মঙ্গলবার এ সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়।
আদেশ অনুযায়ী, এখন থেকে নির্দিষ্ট রুটিন মেনে নিম্নোক্ত চারজন কর্মী স্বাস্থ্যসেবা প্রদান করবেন:ডা. সনজিত গোয়ালা (সহকারী সার্জন): সপ্তাহে ২ দিন। জরিনা আক্তার (স্যাকমো): সপ্তাহে ৩ দিন।ফেরদৌসী আক্তার (উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার): সপ্তাহে ৩ দিন। মো. মাহবুবুর রহমান (অফিস সহায়ক): নিয়মিত।
সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানান, জনস্বার্থ বিবেচনা করে এই সংযুক্তি আদেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ মূল কর্মস্থলের পাশাপাশি পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এর ফলে স্থানীয় বাসিন্দারা এখন থেকে বাড়ির পাশেই নিয়মিত প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, দীর্ঘদিন চিকিৎসক ও জনবল না থাকায় এই উপস্বাস্থ্য কেন্দ্রটি প্রায় অকার্যকর হয়ে পড়েছিল, যার ফলে ভোগান্তিতে ছিলেন ইউনিয়নের হাজারো মানুষ। এই নতুন পদায়নের ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এবিডি.কম/রাজু