নিজস্ব প্রতিবেদক।। ভূমিদস্যুদের দেশ ও জাতির শত্রু আখ্যা দিয়ে আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন,সরকারি স্বার্থ রক্ষা ও জনসেবায় কোনো অনিয়ম বা অন্যায়ের সাথে বিন্দুমাত্র আপস করা হবে না। ভূমিদস্যুদের যেকোনো অপতৎপরতা রুখতে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে।সম্প্রতি নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শাহাদাত হোসেন খান বলেন,“ভূমিদস্যুরা নিজেদের হীন স্বার্থ হাসিলের জন্য যেকোনো অনৈতিক কাজ করতে দ্বিধাবোধ করে না। আমি আমিনবাজারে যোগদানের পর থেকেই বিভিন্ন মহলের অনৈতিক প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছি। জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়,তাই সরকারি তথা জনগণের সম্পদ রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।”
সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান,ওই ঘটনাটি তার দায়িত্ব গ্রহণের পূর্বের সময়ের। বিষয়টি নজরে আসার সাথে সাথেই তিনি দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন। জালিয়াতির মাধ্যমে সৃজিত নামজারি জোত এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে তৈরি করা ৯৮৮ নং খতিয়ানটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ৩১৫/২৪ মিস মোকদ্দমায় বাদীপক্ষ প্রতারণার আশ্রয় নিয়ে জাল নথি জমা দিয়ে সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেছিল। বিষয়টি ধরা পড়ার পর দ্রুত খতিয়ান সংশোধন এবং অনলাইনে সঠিক তথ্য এন্ট্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া সহকারী কমিশনার জানান,সরকারি সম্পত্তি সাময়িকভাবে দখল বা তঞ্চকতার আশ্রয় নিয়ে ভোগ করা গেলেও স্থায়ীভাবে তা সম্ভব নয়। ইতিমধ্যে বিতর্কিত ওই সম্পত্তি সরকারি সার্ভেয়ারের মাধ্যমে মেপে সরকারের দখলে নেওয়া হয়েছে। তিনি ২০ বছর ধরে চলা একটি মামলার উদাহরণ দিয়ে বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আইনি প্রক্রিয়ায় এক বাদীকে তিনি নিজে উপস্থিত থেকে জমির দখল বুঝিয়ে দিয়েছেন।
সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন,“আপনাদের লেখনীর মাধ্যমে প্রকৃত সত্য উঠে আসুক। কোনো ভুল তথ্যের মাধ্যমে যেন কেউ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন না হয়।” আমিনবাজার রাজস্ব সার্কেল সব সময় সেবাপ্রার্থী ও গণমাধ্যমকর্মীদের পাশে থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও তিনি জানান। পরিশেষে শাহাদাত হোসেন খান দৃঢ় কণ্ঠে বলেন, যতদিন তিনি এই দায়িত্বে আছেন, সরকারি স্বার্থ সমুন্নত রাখতে এবং ভূমিদস্যুদের সকল অপতৎপরতা রুখে দিতে তার এই অভিযান অব্যাহত থাকবে।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম রাজু