স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ।। সৌদি আরবে কর্মস্থলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের বরবরা গ্রামের মো. মামুনের মরদেহ অবশেষে তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনের মরদেহ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সোমবার (৬ এপ্রিল ) সকালের দিকে মরদেহটি তার গ্রামের বাড়িতে পৌঁছায়। প্রিয়জনকে শেষবারের মতো একনজর দেখার জন্য সকাল থেকেই মামুনের বাড়িতে ভিড় করেন শোকার্ত আত্মীয়-স্বজন ও প্রতিবেশীসহ শত শত গ্রামবাসী। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার আসরের নামাজের পর রসুলপুর বরবরা গ্রামে মামুনের নিজ বাড়ির আঙিনায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
প্রসঙ্গত,কিছু দিন আগে সৌদি আরবে কর্মস্থলে থাকা অবস্থায় আকস্মিক এক ক্ষেপণাস্ত্র হামলায় মামুন নিহত হন। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবার এখন দিশেহারা। পরিবারের উপার্জনক্ষম সদস্যের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। মামুনের স্বজনরা তার আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এবিডি.কম/রাজু