নিজস্ব প্রতিবেদক।। দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়ে থাকা আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ‘ভাদাইল বাজার থেকে আনোয়ার সিএনজি পাম্প’ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি অবশেষে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও জনদুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে সংস্কার কাজ শুরু করেছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ অবহেলার কারণে সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছিল। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে কাদা ও পিচ্ছিল পরিস্থিতির সৃষ্টি হতো, যা চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলেছিল। এলাকার হাজার হাজার গার্মেন্টস শ্রমিক এবং সাধারণ মানুষের যাতায়াতের প্রধান এই পথটিতে নিত্যদিন চলত তীব্র যানজট ও বিড়ম্বনা। বিশেষ করে কর্মজীবী গার্মেন্টস শ্রমিকদের কর্মস্থলে সময়মতো পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হতে হতো।

স্থানীয় বাসিন্দারা জানান,সড়কটির এই বেহাল দশার কারণে যাতায়াত ছিল দুর্বিষহ। স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগীদের যাতায়াতও ছিল আতঙ্কের। বহুবার স্থানীয়ভাবে দাবি জানানো হলেও সড়কটি সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। জনদুর্ভোগ নিরসনে এগিয়ে আসা আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন বলেন, “এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার খেটে খাওয়া মানুষ ও গার্মেন্টস শ্রমিক চলাচল করেন।
তাদের কষ্ট আমাকে ব্যথিত করেছে। জনসেবার মানসিকতা থেকেই আমি নিজস্ব অর্থায়নে এই সড়কটি চলাচলের উপযোগী করে সংস্কারের কাজ শুরু করেছি। সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই আমার লক্ষ্য।”সড়ক সংস্কারের কাজে সন্তোষ প্রকাশ করে স্থানীয় সাধারণ মানুষ ও শ্রমিকরা আলহাজ্ব মো. ইসরাফিল হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন উপেক্ষিত থাকা এই জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের ফলে এখন হাজার হাজার মানুষের দৈনন্দিন চলাচলের পথ সহজ ও নিরাপদ হবে।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু