জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফে একটি মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবার এক বিশাল চালান উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের সময় খামারের মালিক নুরুল হোসাইন (৩০) পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে প্রবেশ করে হ্নীলা এলাকায় মজুত করা হয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি বিশেষ দল রাত ১১টার দিকে রঙ্গিখালী এলাকার ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। অভিযান চলাকালীন স্থানীয় গুরা মিয়ার ছেলে নুরুল হোসাইনের মালিকানাধীন একটি মুরগির খামারে তল্লাশি চালানো হয়। খামারের ভেতরে একটি ছোট কক্ষের মেঝেতে কাঠের স্তূপের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় দুটি বস্তা পাওয়া যায়। বস্তা দুটি খুলে গণনা করে ৫০টি প্যাকেটে মোট ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ থানা পুলিশ জানিয়েছে, অভিযানের বিষয়টি টের পেয়ে খামার মালিক নুরুল হোসাইন আগেই সটকে পড়েন। এ ঘটনায় তাকে প্রধান আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এই বিপুল পরিমাণ ইয়াবা চালানের নেপথ্যে আর কারা জড়িত এবং এর গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং মাদক কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এবিডি.কম/রাজু