জাকিয়া ডলি হিলি দিনাজপুর ।। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এই সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
এসময় তিনি জানান,ভারতের ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে যে,নির্বাচনের কারণে আজ বৃহস্পতিবার দুই দেশের মাঝে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্থলবন্দরের অভ্যন্তরে আগে থেকে আসা পণ্য খালাস ও লোড-আনলোড প্রক্রিয়া যথারীতি চালু রয়েছে।
শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে আগামী শনিবার সকাল থেকে পুনরায় এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে বলে ব্যবসায়ী সংগঠন সূত্রে জানা গেছে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, নির্বাচনের কারণে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের আসা-যাওয়া স্বাভাবিক রয়েছে। প্রয়োজনীয় নথি ও বৈধ পাসপোর্ট থাকলে যাত্রীরা নিয়মিত যাতায়াত করতে পারছেন।
এবিডি.কম/রাজু