নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ার ধামসোনা ইউনিয়নকে একটি আধুনিক, সমৃদ্ধ ও ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন। এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় আলেমসমাজের পরামর্শ ও সমর্থন পেতে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার এলাহি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দীন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী (দা.বা.)।
প্রধান আলোচকের বক্তব্যে আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী সমাজের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য সৎ, দায়িত্বশীল ও নীতিবান জনপ্রতিনিধি নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন:”নেতৃত্ব এমন ব্যক্তির হাতে দেওয়া উচিত যিনি নৈতিকতা সম্পন্ন এবং মানুষের কল্যাণে নিবেদিত। একটি সুন্দর সমাজ গঠনে আলেমসমাজ এবং জনপ্রতিনিধিদের মধ্যে সেতুবন্ধন তৈরি হওয়া অত্যন্ত জরুরি।”
মুফতি আল আমীন খন্দকার আমীনীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি স্পষ্টভাবে জানান যে, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে এলাকার রাস্তাঘাট, মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে কাজ করে আসলেও কেন নির্বাচনে প্রার্থী হলেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন:
“ব্যক্তিগত পর্যায় থেকে সমাজসেবা করতে গিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক বাধার সম্মুখীন হতে হয়েছে। জনপ্রতিনিধিত্ব ছাড়া প্রাতিষ্ঠানিকভাবে সাধারণ মানুষের বড় পরিসরে সেবা করা কঠিন। মূলত মানুষের অধিকার রক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতেই আমি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”মতবিনিময় সভায় ধামসোনার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে: অবকাঠামোর পাশাপাশি নৈতিকতা ও ঐক্যের ভিত্তিতে ধামসোনাকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে আলেম ও জনপ্রতিনিধিদের যৌথ প্রচেষ্টা নিশ্চিত করা।ইউনিয়নের প্রতিটি মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি ও সামাজিক সেবা পৌঁছে দেওয়া।
সভার শেষ পর্যায়ে দেশ, জাতি এবং ধামসোনা ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে আলহাজ্ব ইসরাফিল হোসেনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার সফলতা এবং এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। উক্ত সভায় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়রা মনে করছেন, আলেমসমাজের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আসন্ন নির্বাচনে এক নতুন সমীকরণ তৈরি করতে পারে।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু