নিজস্ব প্রতিবেদক।। সাভার উপজেলার আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও জনসেবায় এখন আলোচনার তুঙ্গে আলহাজ্ব ইসরাফিল হোসেন। মানবিক মূল্যবোধ ও নিঃস্বার্থ সমাজসেবার কারণে ৬ নম্বর ওয়ার্ডের ভাদাইল এলাকার এই বাসিন্দা এখন সাধারণ মানুষের কাছে ‘মানবতার প্রতীক’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
৪২ বছর বয়সী ইসরাফিল হোসেন,যিনি স্থানীয় দেলোয়ার হোসেন দিলুর সন্তান,শৈশব থেকেই পরোপকারী মানসিকতা নিয়ে বেড়ে উঠেছেন। স্থানীয়দের মতে, ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের যেকোনো বিপদে দিন-রাত তাকে পাশে পাওয়া যায়। জনপ্রতিনিধি না হয়েও সাধারণ মানুষের জন্য তার এই নিরবচ্ছিন্ন সেবা তাকে এলাকায় এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতা থেকে ইসরাফিল হোসেন ভাদাইল এলাকায় কয়েক বিঘা জমির ওপর একটি বিশাল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে এই মাদ্রাসায় প্রায় ৯০০ শিক্ষার্থী আবাসিক সুবিধা নিয়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ করছে। এছাড়া এতিম ও দরিদ্র শিশুদের জন্য প্রায় বিনা খরচে থাকা ও পড়ার ব্যবস্থা। মাদ্রাসায় রয়েছে খোলামেলা খেলার মাঠ,যা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক।
জনস্বার্থে ইসরাফিল হোসেনের নেওয়া উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (DEPZ) পাশে যাত্রী ছাউনি নির্মাণ। ভাদাইল প্রাইমারি ক্লাবের উদ্যোগে এবং সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে তিনি এটি তৈরি করেছেন।”যেখানে একসময় চাঁদাবাজদের দৌরাত্ম্য ছিল, সেখানে আজ মানুষ শান্তিতে বিশ্রাম নিতে পারছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই সুফল ভোগ করছেন।”
সাধারণত প্রভাবশালী কোনো ব্যক্তির কাছে পৌঁছাতে সাধারণ মানুষকে অনেক কাঠখড় পোড়াতে হয়। কিন্তু ইসরাফিল হোসেনের ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। তার কাছে যাওয়ার জন্য কোনো পূর্ব নির্ধারিত সময়ের প্রয়োজন হয় না। ব্যক্তিগত সম্পদ থাকা সত্ত্বেও তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করেন, যা তাকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে গেছে।
ধামসোনা ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের মতে, ইসরাফিল হোসেন শুধু একজন চেয়ারম্যান পদপ্রার্থী নন, তিনি এই অঞ্চলের গর্ব। মানুষের জন্য কাজ করাই তার নেশা। আসন্ন নির্বাচনে তাকে যোগ্য প্রতিনিধি হিসেবে দেখতে চান ইউনিয়নবাসী। এছাড়া স্থানীয়দের দাবি, ইসরাফিল হোসেনের মতো স্বচ্ছ ও জনদরদী মানুষ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে ধামসোনা ইউনিয়ন একটি আধুনিক ও মানবিক জনপদে পরিণত হবে।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম রাজু