পরিতোষ কুমার বৈদ্য,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিসাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে সুপেয় পানির সংকট নিরসনে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন এ্যাকশন’-এর আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে স্থানীয় ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ৭৭টি পরিবারের মাঝে এক হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন পানির ট্যাংক ও আনুষঙ্গিক সেটিং উপকরণ বিতরণ করা হয়।
কানাডিয়ান দাতা সংস্থা ‘ওয়ার্ল্ড রিনিউ’-এর আর্থিক সহযোগিতায় এবং ‘জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প’-এর আওতায় এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে পানির ট্যাংক তুলে দেন ১২ নং গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: মো: হাবিবুল্লাহ বাহার, ইউপি সদস্য (১নং ওয়ার্ড)। আব্দুল হালিম, সভাপতি, উপকূলীয় প্রেসক্লাব। মিল্টন বাড়ৈ, প্রজেক্ট ম্যানেজার,ফেইথ ইন এ্যাকশন।প্রিন্স মার্ক বিশ্বাস, মিল অফিসার। পরিতোষ কুমার বৈদ্য,প্রজেক্ট অফিসার।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জিএম মাছুদুল আলম বলেন, “গাবুরা ইউনিয়ন একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। জলবায়ু পরিবর্তনের ফলে এখানে সুপেয় পানির সংকট দিন দিন প্রকট হচ্ছে। ভূগর্ভস্থ পানি লবণাক্ত হওয়ায় মানুষের কষ্ট লাঘবে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থার এই সহায়তা অত্যন্ত প্রশংসনীয়।” তিনি উপকারভোগীদের যথাযথ নিয়মে বৃষ্টির পানি সংরক্ষণের আহ্বান জানান।উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম বলেন, “কৃষি উপকরণ ও পানির ট্যাংক বিতরণের এই ধারাবাহিকতা গাবুরার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।”
সংস্থাটি জানায়,গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তারা কাজ করে যাচ্ছে। এরই মধ্যে দুই ধাপে মোট ১৩৭টি পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। দলের সকল সদস্যের মতামতের ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত অভাবী পরিবারগুলোকে এই সহায়তার জন্য নির্বাচন করা হয়েছে। ১০০০ লিটারের পানির ট্যাংক ও সেটিং সরঞ্জাম। ৭৭টি (এ পর্যন্ত মোট ১৩৭টি)। ফেইথ ইন এ্যাকশন (সহযোগিতায়: ওয়ার্ল্ড রিনিউ)। গাবুরা ইউনিয়ন,শ্যামনগর।