নিজস্ব প্রতিবেদক।। বগুড়ায় লোকলজ্জা ও সামাজিক বিড়ম্বনা এড়াতে মাত্র একদিন বয়সী এক নবজাতককে গলা কেটে হত্যার নৃশংস ঘটনা ঘটেছে। সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় ঘাতক মা এবং তার বর্তমান স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। জানা গেছে, প্রায় এক বছর আগে গাবতলী উপজেলার উঞ্চুরখী এলাকার নিপার সঙ্গে নারুলী এলাকার শুকুর আলীর বিয়ে হয়।
পারিবারিক কলহের জেরে গত ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের সময় নিপা অন্তঃসত্ত্বা ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এরপর গত মার্চ মাসে তিনি তেলিহারা গ্রামের দুলাল হোসেনকে বিয়ে করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত শুক্রবার (৮ মে) রাতে নিপা একটি পুত্রসন্তান প্রসব করেন। সন্তানটি তার পূর্বের স্বামীর বলে ধারণা করা হচ্ছে। নবজাতকের জন্ম নিয়ে বর্তমান পরিবার ও সমাজে বিড়ম্বনায় পড়ার ভয়ে রাতেই শিশুটিকে হত্যার পরিকল্পনা করা হয়।
অভিযোগ উঠেছে,অত্যন্ত ঠান্ডা মাথায় নবজাতকের গলায় ব্লেড চালিয়ে তাকে হত্যা করে নিপা ও তার স্বামী দুলাল। পরে মরদেহটি গুম করার উদ্দেশ্যে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে জড়িত সন্দেহে মা নিপা ও তার স্বামী দুলালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
উক্ত বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান:”প্রাথমিক জিজ্ঞাসাবাদে লোকলজ্জার ভয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছি। নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এদিকে তেলিহারা গ্রামে এমন নিষ্ঠুর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সামাজিক মর্যাদার দোহাই দিয়ে একটি মাসুম শিশুকে এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা এই পাষণ্ড মা ও তার সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এবিডি.কম/রাজু