পরিবেশ বিধ্বংসী ইটভাটায় হানা: ২ লাখ টাকা অর্থদণ্ড
বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দরবান লামা উপজেলার সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় অবৈধভাবে পরিচালিত আরএনবি(RNB) ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসন। শনিবার (৯ মে ২০২৬) বিকেল ৩ ঘটিকার সময় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন।
দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ও সরকারি অনুমোদন ছাড়াই সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় ‘আরএনবি ইটভাটা’নামে একটি ইটভাটা পরিচালিত হইয়া আসিতেছিল। স্থানীয়দের অভিযোগ ও আমাদের বাংলাদেশ ডটকম এর সংবাদ প্রচারের পড় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় ভাটাটির মালিক রফিক আহম্মদের পুত্র জমির উদ্দিনকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইনবহির্ভূত উপায়ে ইটভাটা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশেষত পাহাড়ি অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন, “পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো অবৈধ ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মোবাইল কোর্ট পরিচালনার ঘটনাকে স্থানীয় সচেতন মহল ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। স্থানীয় জনসাধারণ মনে করেন, পরিবেশদূষণ ও বন উজাড় রোধে প্রশাসনের নিয়মিত অভিযান এলাকার পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।