পাকুন্দিয়ায় ছাত্র-জনতার হাতে আটক ৩ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড
নাজমুল ইসলাম নাহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছাত্র-জনতার হাতে আটক তিন মাদক ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ জুন) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার চরপলাশ গ্রামের কেনু খলিফার ছেলে রতন মিয়া, আসাদ মোড়লের ছেলে শাফল ও গিয়াস উদ্দিনের ছেলে ফারজুল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার চরপলাশ এলাকায় মাদক কেনাবেচার সময় স্থানীয় ছাত্র-জনতা ওই তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়।
পরবর্তীতে রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের আজ মঙ্গলবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।