সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ: সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সামিরকে অব্যাহতি
মোস্তাবিন সিয়াম বিশেষ প্রতিনিধ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের অধীনস্থ সাভার থানা শাখার সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্তে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
২৬ জুন (২০২৬) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের চেইন অব কমান্ড এবং শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই অব্যাহতি আদেশ অনুমোদন করেছেন।
দলীয় সূত্র জানায়: তৃণমূল পর্যায়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল কঠোর অবস্থান নিয়েছে। তারই ধারাবাহিকতায় সাভার থানা ছাত্রদলের এই শীর্ষ নেতার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।
কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, এই অব্যাহতি আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে মাহাবুব হোসেন সামিরের জায়গায় কাকে নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।