মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, অপরাধী দলের হলেও ছাড় নেই: বিএনপি নেতা জাফর আহমেদ খোকন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার পরিচিত মুখ এবং ৪৪নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জনাব জাফর আহমেদ খোকন বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা বায়েজিদ এলাকায় সেই নীতি কঠোরভাবে বাস্তবায়ন করব এবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াব।” একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একাধিকবার হামলা ও মামলার শিকার হওয়া এই তৃণমূল নেতা স্পষ্ট ভাষায় জানান, দলের ভেতরেও কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তিনি বলেন, “অপরাধী যদি আমাদের দলেরই কেউ হয়, তাকেও কোনো ছাড় দেওয়া হবে না এবং কোনো প্রকার প্রশ্রয় কম হবে না।”
নির্বাচনী ভাবনা ও জনসেবা প্রসঙ্গে জানতে চাইলে জাফর আহমেদ খোকন বলেন, “আমি শুধু কাউন্সিলর হলেই জনগণের সেবা করব, বিষয়টি এমন নয়। আমি বায়েজিদ এলাকার জনগণের পাশে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। তবে সাধারণ মানুষ যদি আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে, তবে আইনি ও প্রশাসনিকভাবে জনগণের সেবা করার সুযোগ আরও বৃদ্ধি পাবে।”
সাক্ষাৎকারের শেষ পর্যায়ে তিনি দেশের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। বাংলাদেশের সকল গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সাংবাদিকরা অতীতে যেভাবে সাহসের সাথে সত্য তুলে ধরেছেন, ভবিষ্যতেও একইভাবে সবসময় সত্য প্রকাশ করে যাবেন।