তালাইমারী ফুলতলায় পরিচ্ছন্নতা অভিযান: নদীতীরকে পর্যটনবান্ধব করতে বিশেষ উদ্যোগ।
আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
৪ জুলাই ২০২৬ রাজশাহী মহানগরের মতিহার থানাধীন জনপ্রিয় বিনোদন ও পর্যটন কেন্দ্র ‘তালাইমারী ফুলতলা’ নদীতীরকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন, রাজশাহী’। রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সার্বিক সহযোগিতায় শনিবার (৪ জুলাই) সকালে এই কর্মসূচি শুরু হয়।
শনিবার সকাল ১০টায় আয়োজিত এই পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলার লক্ষ্যে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমানভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবেশ রক্ষা এবং নগরীর সৌন্দর্য সংরক্ষণে প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক বিডি ক্লিন, রাজশাহীর স্বেচ্ছাসেবকদের শপথবাক্য পাঠ করান। তিনি সংগঠনের সদস্যদের নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি এবং নদীতীর ও বিভিন্ন পর্যটন এলাকাকে ময়লামুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
শপথ শেষে বিডি ক্লিন, রাজশাহীর স্বেচ্ছাসেবীরা তালাইমারী ফুলতলা নদীতীর ও এর আশপাশের পর্যটন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
দিনব্যাপী এই অভিযানে এলাকা থেকে প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের ক্ষতিকারক বর্জ্য অপসারণ করে স্থানটিকে পরিচ্ছন্ন করে তোলা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র তালাইমারী ফুলতলায় এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে,তাদের প্রত্যাশা।