রাজশাহীর কাশিয়াডাঙ্গায় র্যাবের বিশেষ নজরদারি: অপরাধ নির্মূলে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী!
আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। এলাকাটিতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর আগে কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকায় র্যাবের একটি সফল অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি এবং পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল।
সূত্র জানায়, নবগঙ্গা এলাকায় অপরাধী চক্রের সক্রিয় হওয়ার খবর পেয়ে র্যাব-৫ এর একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। ওই অভিযানে অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার ব্যবহৃত পোশাক ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব সরঞ্জামের উপস্থিতি এলাকাটিতে কোনো বড় ধরনের নাশকতার পরিকল্পনার আশঙ্কা তৈরি করেছিল, যা র্যাবের সময়োচিত পদক্ষেপে নস্যাৎ হয়ে যায়।
কাশিয়াডাঙ্গা থানা এলাকাটি বর্তমানে পুলিশের বিশেষ নজরদারিতে রয়েছে। স্থানীয় অপরাধী ও বহিরাগতদের আনাগোনা নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এলাকাবাসী জানান, নিয়মিত অভিযানের ফলে এলাকায় অপরাধের প্রবণতা কিছুটা কমেছে। তবে সাধারণ মানুষ চায় অপরাধী চক্রের মূল উৎপাটন করতে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকুক। আইনশৃঙ্খলা বাহিনীর এই সক্রিয় ভূমিকার প্রশংসা করছেন স্থানীয় সচেতন মহল।
এ বিডি.মোস্তাবিন সিয়াম