একটু বৃষ্টিতেই ডুবছে রঘুনাথপুর এম এ উচ্চ বিদ্যালয়: ড্রেনেজের অভাবে চরম ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের প্রাণকেন্দ্রে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘রঘুনাথপুর মোহাম্মদ আলী এম এ উচ্চ বিদ্যালয়’। দীর্ঘদিনের পুরনো ও সুনামধন্য এই প্রতিষ্ঠানটিতে সামান্য বৃষ্টিপাত হলেই সৃষ্টি হচ্ছে তীব্র জলজট। জলবদ্ধতার পানি নিষ্কাশনের উপযুক্ত কোনো ড্রেনেজ বা রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় অভিভাবকবৃন্দ।
প্রতিটি বর্ষা মৌসুমে কিংবা হালকা বৃষ্টিতেই বিদ্যালয়ের পুরো খেলার মাঠটি পানির নিচে তলিয়ে যায়। মাঠজুড়ে কাদা ও পানি জমে থাকায় বিদ্যালয়ের দৈনন্দিন সমাবেশ অ্যাসেম্বলি শারীরিক শিক্ষা ও ছাত্র-ছাত্রীদের খেলাধুলা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এর ফলে পানিবাহিত রোগ ও মশার উপদ্রব বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঐতিহাসিক এই বিদ্যাপিঠে শিক্ষা পরিবেশ ভালো থাকলেও পানি নিষ্কাশনের সুনির্দিষ্ট কোনো ড্রেন বা নালা না থাকায় এই স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বছরের পর বছর এই দুর্ভোগ চললেও ড্রেনেজ ব্যবস্থার কোনো স্থায়ী সমাধান করা হয়নি।
এ বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা আক্ষেপ প্রকাশ করে বলেন, একটু বৃষ্টি হলেই মাঠের মধ্যে পানি জমে থাকে। স্কুলে আসা-যাওয়ায় কষ্ট হয়, আর খেলাধুলা তো একদমই বন্ধ। দ্রুত পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা করা জরুরি।
বিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে অবিলম্বে একটি স্থায়ী ড্রেনেজ অবকাঠামো নির্মাণের জোর দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসী।