কুষ্টিয়ায় পুকুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
নাঈম বিশ্বাস, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুকুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে ছোট ভাই নূর ইসলাম (৫৫) নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।গত শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নওদা বহলবাড়িয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নূর ইসলাম ওই গ্রামের ওহাব মণ্ডলের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে পুকুরে পাট জাগ দেওয়া নিয়ে নূর ইসলামের সঙ্গে তার বড় ভাই কালাম মণ্ডলের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এই বিরোধ তীব্র আকার ধারণ করলে কালাম মণ্ডল, তার ছেলে জিতুসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে নূর ইসলামের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ড. ইকবাল হাসান জানান, সংঘটিত সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নূর ইসলামের মৃত্যু হয়। বাকি দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।এই সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত বড় ভাই কালাম মণ্ডল ও রূপম নামের আরও দুজন আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। নিহতের লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।