জামালপুরে হাসপাতাল ক্লিনিক উৎসে কর ও আয়কর বিষয়ক মতবিনিময় সভা
জামালপুর প্রতিনিধি,
জামালপুরে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের নিয়ে উৎসে কর কর্তন, পিএসআর যাচাই ও আয়কর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ময়মনসিংহ কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-২-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আয়কর আইনের হালনাগাদ বিধান, উৎসে কর যথাযথভাবে কর্তন করে সরকারি কোষাগারে জমা দেওয়া এবং পিএসআর (প্রত্যয়নপত্র) যাচাইয়ের নিয়মাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর আয়কর-সংক্রান্ত দায়িত্ব ও কর পরিপালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভায় বক্তব্য দেন যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, যুগ্ম কর কমিশনার এস এম গালিব ফারুক, জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক, ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, আয়কর আইন যথাযথভাবে অনুসরণ এবং উৎসে কর কর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সচেতনতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি রাজস্ব আদায় নিশ্চিত করতে আইন অনুযায়ী কর কর্তন ও নির্ধারিত সময়ে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জামালপুরের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা অংশ নেন।