নিজস্ব প্রতিবেদক।। সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরী ফার্ম) বহিরাগত এক বখাটে ও তার সহযোগীদের অমানুষিক মারধরে জয়নাল হাজারী নামে প্রতিষ্ঠানটির এক রাজস্ব খাতের কর্মচারী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত বহিরাগত যুবকের নাম শেখ আবেদ আলী (৩৫)। সে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কলাতিয়া গ্রামের মৃত আমির আলীর ছেলে। আহত জয়নাল হাজারী সাভার ডেইরী ফার্মের স্টাফ কোয়ার্টারে বসবাস করেন এবং প্রতিষ্ঠানটির বায়ার শাখায় কর্মরত। পাশাপাশি তিনি স্থানীয় একটি ক্যান্টিনে দোকান পরিচালনা করেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,গত রবিবার সকালে একটি লীজকৃত পুকুরে পরিবারের সদস্যদের নিয়ে মাছ ধরছিলেন জয়নাল হাজারী।
সকাল আনুমানিক ১১টার দিকে শেখ আবেদ আলী সেখানে উপস্থিত হয়ে মাছ ধরা ও পুকুরের লীজের টাকা নিয়ে জয়নালের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে আবেদ আলী বহিরাগত লোকজনকে ডেকে এনে জয়নাল হাজারীর ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে বেধড়ক মারধর করে এবং অণ্ডকোষ চেপে ধরে হত্যার চেষ্টা চালায়। পরবর্তীতে জয়নালের ছেলে ও স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়দের অভিযোগ,অভিযুক্ত শেখ আবেদ আলী একজন চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত। সে আগে পাশ্ববর্তী বিএলআরআই-এ মাস্টাররোলে চাকরি করলেও বর্তমানে বেকার। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার মৃত কোরবান মাস্টারের ছেলে ও পতিত সরকারের ঢাকা জেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য ‘সাইকো মারুফ’-এর সহযোগী হিসেবে পরিচিত। কোনো বৈধ অধিকার না থাকা সত্ত্বেও আবেদ আলী সরকারি এই প্রতিষ্ঠানের ভেতরে অবস্থান করে এবং বখাটে ও সন্ত্রাসীদের নিয়ে নানা অপকর্ম চালিয়ে আসছিল।
ঘটনার পর অভিযুক্ত শেখ আবেদ আলীর সাথে যোগাযোগ করা হলে সে জয়নাল হাজারী ও তার দুই ছেলের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ তোলে। তবে জয়নালের গুরুতর আহতের কারণ জানতে চাইলে সে মোটরসাইকেলে আসা দুই যুবকের সাথে দ্রুত স্থান ত্যাগ করে। জানা গেছে, অভিযুক্তের শেল্টারদাতা সাইকো মারুফই রবিবার সন্ধ্যায় তাকে মোটরসাইকেলে করে নিয়ে সটকে পড়ে।
এ বিষয়ে সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম বলেন,”তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের প্রতিষ্ঠানের রাজস্ব খাতের একজন কর্মচারীর ওপর বহিরাগতরা হামলা চালিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার্ড করেন।”তিনি আরও জানান,বহিরাগতদের আশ্রয়ে ভূমিকা রাখা মাস্টার রোলের কর্মচারী শহর আলীকে (যার ভাতিজা আবেদ আলী) কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেওয়া হয়েছে। পাশাপাশি আহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিডি.কম/রাজু