দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ফ্যাসিবাদী সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
(নাটোর) প্রতিনিধি:
বাংলাদেশের মেরুদণ্ড ধ্বংস করে দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করতে বিগত ফ্যাসিবাদী সরকার সব ধরনের কর্মকাণ্ড চালিয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা অডিটরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এতিমখানা ও বিভিন্ন সমাজকল্যাণ সংস্থার মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নামের রাষ্ট্রটিকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার।’ বর্তমান সরকার দেশকে সেই পরিস্থিতি থেকে উত্তরণে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা ১৮ কোটি মানুষের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের প্রতিহিংসার পথ বেছে নেয়নি। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ থেকেও কোনো প্রতিহিংসামূলক মন্তব্য বের হয়নি বলে দাবি করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি অনুদানের আওতায় এতিমখানা, সমাজকল্যাণ সংস্থা ও সংশ্লিষ্ট উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়। পাশাপাশি দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদেরও বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, জেলা বিএনপির সদস্যসচিব মো. আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি, এতিমখানার দায়িত্বশীল ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।