রাজবাড়ীতে একই দিনে ৩ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত অন্তত ১০
নাফিজ আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী ও সদর উপজেলার পৃথক তিনটি স্থানে একই দিনে একাধারে তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক বরিশাল জেলার আগৈলঝাড়ার বাসিন্দা নজরুল ইসলাম (২৮) ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর ধাক্কা দেওয়া ট্রাকটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এর কিছু পরেই দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকে থাকা প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি গরু মারা যায় এবং ট্রাকটির চালক ও হেলপার গুরুতর আহত হন।
এদিকে দুপুর ১টার দিকে একই সড়কের কালুখালীর পাইকারা এলাকায় কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসের অন্তত ৮ জন যাত্রী আহত হন। আহত ডা. মো. সৈকত হাসনাত, জান্নাতুল, বিপ্লব, শামীম, উজ্জ্বল, আলমগীর, আব্দুস সাত্তার ও মাসুদ রানাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার এসআই শফিকুল ইসলাম জানান, সকালে পাইকারা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। অন্যান্য দুর্ঘটনাস্থলে পুলিশের টিম মোতায়েন রয়েছে এবং বিষয়গুলোর পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।