আশুলিয়া প্রতিনিধি।। আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বাদ আসর স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের এলাকাবাসীর উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে দেশ, জাতি এবং ধামসোনা ইউনিয়নের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. ইসরাফিল হোসেন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন,“আমাকে যারা ভালোবাসেন এবং যারা আমার সঙ্গে চলেন-তাদের কেউ যেন কোনো প্রকার ভয়ভীতিতে না পড়েন। আমি আপনাদের সঙ্গেই আছি এবং ভবিষ্যতেও থাকব। আপনারা কোনো ধরনের ভয় পাবেন না।”
তিনি আরও স্পষ্টভাবে ঘোষণা করেন,তিনি কেবল একটি পদের জন্য আসেননি,বরং এই জনপদকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে চান। তিনি বলেন,“আমি যদি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারি,তবে এই ইউনিয়নের সকল মসজিদের ইমাম সাহেবগণ বিচারিক কার্যক্রম পরিচালনার সুযোগ ও সম্মান পাবেন।”
এলাকার সার্বিক উন্নয়ন প্রসঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে ধামসোনা ইউনিয়নকে একটি অনির্ভর,আধুনিক ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তোলা হবে। রাস্তাঘাটের আধুনিকায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে তিনি কাজ করবেন। জনকল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি উপস্থিত সকলের দোয়া,সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশ নেন।
এবিডি.কম/রাজু