বান্দরবানে ডিবি পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ১
মোঃ মাঈনুদ্দিন বান্দরবান প্রতিনিধি।
বান্দরবানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২১ মিনিটে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল আজমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় তাজিংডং হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চট্টগ্রামের কেরানীহাট থেকে বান্দরবানের দিকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গাড়ির চালক মো. জাকির হোসেন (৩৩), পিতা—মোখলেচুর রহমান, বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকায়, তার আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি গাড়িতে ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন।
পরে তার দেখানো মতে গাড়ির পেছনের সিটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা খাকি কসটেপে মোড়ানো ১৫টি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় ১০টি করে মোট ১৫০টি পলিজিপার প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।
এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৬-৮৪৩৯ নম্বরের একটি সাদা প্রাইভেটকার এবং গ্রেপ্তার ব্যক্তির ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি পুলিশকে জানান, কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লার মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আরও তিন সহযোগীকে নিয়ে তিনি প্রাইভেটকারে করে যাচ্ছিলেন। চট্টগ্রামের কেরানীহাট এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বান্দরবান হয়ে বিকল্প পথে যাওয়ার চেষ্টা করেন। পরে বান্দরবান বাসস্টেশন এলাকায় ওই তিন সহযোগী গাড়ি থেকে নেমে পালিয়ে যায় বলে তিনি জানান।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা, প্রাইভেটকার ও মোবাইল ফোন আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বান্দরবান জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে চলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে।