পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে ফের পানি বৃদ্ধি, ১৬ জলকপাট উন্মুক্ত
রাঙামাটি প্রতিনিধি
অবিরাম ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি আবারও বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সকাল ৮টা থেকে স্পিলওয়ের ১৬টি জলকপাট প্রতিটি ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে লেকের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল, যেখানে সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট। পানি বাড়ায় রাঙামাটির বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।
এদিকে পানি ছাড়ার কারণে কর্ণফুলী নদীর ভাটি অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।