১০ ট্রাক অস্ত্র মামলার জব্দ আলামত থেকে অস্ত্র নিতেন জিয়াউল আহসান: ট্রাইব্যুনালে সাক্ষী
নিজস্ব প্রতিবেদক:
মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক থাকাকালে বরিশালের র্যাব-৮ কার্যালয়ে এমন কিছু অস্ত্র ও গুলি পাঠাতেন, যার কোনো দাপ্তরিক হিসাব রাখা হতো না। এসব অতিরিক্ত অস্ত্র-গোলাবারুদ বিতর্কিত ১০ ট্রাক অস্ত্র মামলার জব্দকৃত আলামত থেকে আনা হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন মামলার এক সাক্ষী।
গত ২৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আসামিপক্ষের আইনজীবীর জেরার জবাবে মানবতাবিরোধী অপরাধ মামলার ১৩তম সাক্ষী, সাবেক র্যাব কর্মকর্তা মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী এ তথ্য প্রকাশ করেন।
জেরায় সাক্ষী জানান, র্যাব-৮-এর অভিযান চলাকালে কোনো গুলি খরচ হলে তা নির্দিষ্ট রেজিস্টারে নথিভুক্ত করা হতো। তবে জিয়াউল আহসান কোনো দাপ্তরিক রেকর্ড ছাড়াই অতিরিক্ত যে অস্ত্র ও গোলাবারুদ দপ্তরে দিয়ে রেখেছিলেন, তার কোনো হিসাব রাখা হতো না। আইনজীবী যখন জিজ্ঞেস করেন—এসব অস্ত্র কোথা থেকে আনা হতো, উত্তরে সাক্ষী জানান, এগুলো ১০ ট্রাক অস্ত্র মামলার জব্দকৃত আলামত থেকে আনা হয়েছিল।
উল্লেখ্য, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।