শীতের শুরুতেই হঠাৎ ২ দিনের বৃষ্টিতে ধান, আলু ও মটরশুঁটি চাষিদের ব্যাপক ক্ষতি
জয়পুরহাট প্রতিনিধি
শীতের শুরুতেই হঠাৎ দুইদিনের টানা বৃষ্টিতে জয়পুরহাটের পাঁচবিবিসহ বিভিন্ন এলাকায় ধান, আলু ও মটরশুঁটি চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। অসময়ের এই বৃষ্টিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
মাঠে কেটে রাখা ধান বৃষ্টিতে ভিজে আছে। কৃষকেরা ধান শুকাতে পারছেন না, ঘরেও তুলতে পারছেন না। অনেক জায়গায় ভেজা ধানে গজ বের হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এতে কৃষকদের মুখে হাসি মিলিয়ে গেছে।
একই অবস্থা আলু চাষিদের। বৃষ্টির পানিতে আলুর জমিতে পানি জমে গেছে। জমি তৈরি ও আলু লাগানো বন্ধ হয়ে আছে। যারা আগাম আলু লাগিয়েছিলেন, তাদের বীজ পচে যাওয়ার আশঙ্কা করছেন।
মটরশুঁটি চাষিরাও পড়েছেন বিপাকে। বৃষ্টিতে মটরশুঁটির ক্ষেত নষ্ট হচ্ছে। ফুল ঝরে যাচ্ছে, গাছ পচে যাচ্ছে। এতে ফলন অনেক কমে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা।
কৃষকেরা বলেন, শীতের প্রথমেই এমন বৃষ্টি আমরা ভাবিনি। ধান কেটে মাঠে রাখছি, শুকাতে পারতেছি না। আলু-মটরশুঁটিরও ক্ষতি হয়ে গেল। ঋণ করে চাষ করছি, এখন কী করবো বুঝতেছি না।
বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।