মইনুল হোসেন প্লাবন, শেরপুর: শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবের আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার এক হতদরিদ্র কৃষক পরিবারের সন্তান মাহমুদুল হক। ২৮ অক্টোবর সোমবার বিকেলে ওই মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক নমিতা দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন প্রমুখ।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া গ্রামের দরিদ্র কৃষক হাবিবুর রহমানের ছেলে মেধাবী শিক্ষার্থী মাহমুদুল হক ২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটে ভর্তির সুযোগ পায়। কিন্তু পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে টাকার অভাবে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিল না। পরে মাহমুদুল আর্থিক সহায়তার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করলে তার আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক আনার কলি মাহবুব তাকে ভর্তির জন্য ১৪ হাজার টাকা এককালীন আর্থিক সহায়তা প্রদান করেন। সেইসাথে ভবিষ্যতেও তাকে সর্বাত্মক সাহায্য প্রদানের আশ্বাস দেন শেরপুর জেলা প্রশাসক।