আমাদেরবাংলাদেশ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের বিদ্রোহীদের আগামী সম্মেলনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কৃষক লীগের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে যারা গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেই বিদ্রোহীরাও আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর আগামী সম্মেলনে প্রার্থী হতে পারবেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘সাংগঠনিক ইউনিটগুলোয় বিদ্রোহীদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। তবে, কাউন্সিলররা তাদের কীভাবে নেবেন, সেটাই দেখার বিষয়।’ তিনি এও বলেন, ‘তাদের না আসাই ভালো। কারণ, তারা যদি নির্বাচিত হন, তাহলে আবারও অনেকেই বিদ্রোহী হতে উৎসাহিত হবেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী সম্মেলনগুলোয় যেন বিতর্কিতরা কমিটিতে জায়গা না পান। সত্যিকার অর্থে দলকে শুদ্ধ করতে চাই। দল থেকে দূষিত রক্ত বের করে দিতে হবে। বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে।’ তিনি বলেন, ‘সম্মেলনের জন্য কৃষক লীগ প্রস্তুত। ইতোমধ্যে তাদের পোস্টার ও দাওয়াত কার্ড হয়ে গেছে। নগরীতে পোস্টার লাগিয়ে সম্মেলনের আবহ সৃষ্টি করতে হবে। কৃষক লীগকে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে হবে। গ্রামবাংলায় ছড়িয়ে দিতে হবে।