নিজস্ব প্রতিবেদক : ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের রৌহা গ্রামে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ইচ্ছা পোষণ করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. এনামুর রহমান।আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ত্রাণমন্ত্রী তার ইচ্ছা পূরণের উদ্দেশ্যে ছুটে যান রৌহা গ্রামে প্রস্তাবিত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ক্রয়কৃত জমি পরিদর্শন করতে। স্বনির্ভর মানব সম্পদ গড়তেই এ উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী। চাকরির বাজারে ভীড় না বাড়িয়ে অপরকে চাকরি দেবার সক্ষমতা অর্জনের উদ্দেশ্যে শিক্ষা দেয়া হবে এ প্রতিষ্ঠানে। এসময় মন্ত্রীর সাথে ছিলেন এনাম মেডিকেল কলেজের সিইও আনোয়ারুল কাদের
নাজিম, এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট ও এনাম মেডিকেল কলেজের মার্কেটিং ডিরেক্টর জাহিদুর রহমান এবং এনাম মেডিক্যাল কলেজে কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মন্ত্রী তাঁর এই স্বপ্নের কথা লিখেছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তার লিখনটি পাঠকদের জন্য হুবহু দেয়া হল। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো,স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমাতে দেবে না”ভারতের প্রয়াত একাদশ রাষ্ট্রপতি আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালামের এই মহান উক্তিটি আমাকে ঘুমাতে দেয়না। চিকিৎসক হিসেবে আমি প্রতিষ্ঠা করেছি সহস্র শয্যার দেশ সেরা এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। চালু করেছি নার্সিং কলেজ। স্বপ্ন এখন বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার। যে স্বপ্ন ঘুমাতে দেয়না আমাকে।
ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের অনগ্রসর অজ পাড়া গাঁ রৌহায় প্রতিষ্ঠা করতে চাই স্বপ্নের সেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যে উচ্চ শিক্ষালয়ে যুগোপযোগী ও মান সম্পন্ন শিক্ষার সাথে গড়ে তোলা হবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সুনাগরিক। যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীকে চাকরি খুঁজতে হবে না। সে নিজেই হাজার মানুষকে চাকরি দেবে। নয়, চাকরিদাতারা তাকে প্রতিযোগীতার ভিত্তিতে লুফে নেবে।
এ. পি. জে. আবদুল কালামের স্মরনীয় আরেকটি উক্তি ছিলো, “তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো।প্রয়োজনে আরো পুড়বো। পুড়ে অঙ্গার হবো, তবুও জীবদ্দশায় ইচ্ছে স্বপ্ন পূরণের। উন্নত শিক্ষা,গবেষণা কর্মকাণ্ডে বিশ্বের উচ্চ মানের বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং এ ঠাঁই পাবে আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়। আমার বেঁচে থাকাটা যাতে আমার স্বপ্নের সমান বড় হয়- মহান সর্বশক্তিমান আল্লাহর কাছে আমার জন্যে এই প্রার্থনাটা করবেন।