রবিবার (৩ নভেম্বর) দুপুরে নামাগেন্ডা তারা মসজিদ সংলগ্ন বাদশা মিয়ার পরিত্যক্ত ডোবা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তৌহিদুল ইসলাম ওরফে ওহিদুল ইসলাম খাজা নামে ওই ব্যক্তি দিনাজপুর জেলার বাসিন্দা। সে সাভারের গেন্ডা এলাকার মুক্তিযোদ্ধা শামসুল হকের বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দত্ত বলেন, দুপুরে নামাগেন্ডা এলাকায় বাদশা মিয়ার পরিত্যক্ত ডোবায় কচুরিপানার নিচে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন, শ্বাসরোধ করে হত্যার পর ওই ব্যক্তির মরদেহ রাতের কোন সময় এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক ভাবে নিহত ব্যক্তি রিকশাচালক বলেও জানা গেছে। এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।