নিজস্ব প্রতিবেদক।। সাভারে মার্কেট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও কর্মচারীরা। মঙ্গলবার (৬ ই এপ্রিল) সকালে সাভার বাসস্টান্ডে এ বিক্ষোভ মিছিল করেন তারা।
মিছিলে সকল প্রকার মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান ব্যবসায়ী ও কর্মচারীরা। এসময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে সাভার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আশ্বাসে তারা সড়ক অবরোধ তুলে নেয়।
ব্যবসায়ীরা জানান, পূর্বের লক ডাউনের ক্ষতি পুষিয়ে ওঠার আগেই আবারো বন্ধের ঘোষণা দিলো সরকার।আমরা ঋণে জর্জরিত। এখন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলে পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবেনা।
সাভার রাজ্জাক প্লাজার ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, সীমিত আকারে দোকান খোলার ব্যবস্থা করে আমাদেরকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে। গত বছর আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আর এ বছরও ক্ষতিগ্রস্ত হলে শেষ সম্বল টুকুও থাকবেনা। সরকার লক ডাউনের বিষয় পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানান তিনি।
সাভার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীদের বিষয়টি দ্রুত সমাধান করা হবে বলেও আশ্বাস প্রদান করেন তিনি।