শুভ্র রায় দাকোপ খুলনা প্রতিনিধি : খুলনার দাকোপ উপজেলায় ধানখেত থেকে হাঁস তাড়িয়ে দেওয়ার অপরাধে প্রতিপক্ষের হামলায় উত্তরা মন্ডল নামের এক নারী গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে উপজেলার রামনগর গ্রামের প্রশান্ত মন্ডলের স্ত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর গ্রামে গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে।
প্রতিপক্ষ ইউনিয়নের রামনগর গ্রামের প্রবোত মন্ডলের ছেলে কল্যাণ মন্ডল, সুপ্রভাত মন্ডলের ছেলে গৌতম মন্ডল, সমিরণ মন্ডল, বিজন মন্ডল, কল্যাণ মন্ডলের স্ত্রী রীনা মন্ডল, বিজন মন্ডলের স্ত্রী লাকী মন্ডল, গৌতম মন্ডলের স্ত্রী রুবী মন্ডলের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে উত্তরা। ভুক্তভোগি পরিবার সুত্রে জানা যায়, ধানখেতে প্রতিপক্ষদের একঝাক হাঁস আমন ধান নষ্ট করে থাকে।
এমন সময় হাঁসগুলো তাড়াতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রতিপক্ষ। পূর্ব পরিকল্পনা মোতাবেক উত্তরাকে নাকে মুখে ও শরীরের বিভিন্ন স্থানে লাঠিসোঠা দিয়ে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে মাটিতে পাড়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয় গ্রামবাসির সহায়তায় তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শারীরিক অবস্থার অবনতি দেখে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বামী প্রশান্ত মন্ডল। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়