সাভার প্রতিনিধি।। সাভারে কর্মরত দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ প্রতিবেদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইয়াসিনের বাবা আব্দুল জব্বার ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি,চার সন্তানের মধ্যে বড় মেয়ে জাহানারা বেগম(৪o),মোহাম্মদ ইয়াসিন(৩৫),সুমি আক্তার(৩০) রোমানা ইয়াসমিন রুমি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে ২০১৯ সালের ২০ জুন আব্দুল জব্বারের সহধর্মিনী হাজেরা বেগম পরলোক গমন করেন।
সোমবার (২৬ জুলাই) আশুলিয়ার নিরিবিলি স্বপ্নবিলাস এলাকার নিজ বাসভবনে রাত ৮টা ৪০ মিনিটে মারা যান রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত সরকারি এই কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল জব্বারের মেজো ছেলে সাংবাদিক মোহাম্মদ ইয়াসিন।
সহধর্মিনী হাজেরা বেগমের ইন্তেকালের পর ২০১৯ সালে ব্রেইন স্ট্রোক করেন আব্দুল জব্বার। এর পর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আনোয়ার খান মর্ডান হাসপাতাল সহ রাজধানীর কয়েকটি বিশেষায়িত হাসপাতলে চিকিৎসা নেওয়ার পর সর্বশেষ ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাসভবনে চিকিৎসা চলছিল তার। টানা ২ বছর অসুস্থ থাকার পর আজ সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
এদিকে সাংবাদিক মোহাম্মদ ইয়াসিনের বাবা আব্দুল জব্বারের মৃত্যুতে সাভার মডেল থানার পরিদর্শক(ইন্টেলিজেন্স)মাকারিয়াস দাস, সাভার-আশুলিয়া ধামরাইয়ে কর্মরত সংবাদকর্মীরা শোক প্রকাশ করেছেন। অন্যদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহিদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের যৌথ স্বাক্ষরিত এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য,ব্যক্তি জীবনে অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন আব্দুল জব্বার। কর্মজীবনে দাপ্তরিক সাফল্য অর্জনের মাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছেন। ২০১৩ সালে (রাজস্ব বোর্ড) কর-অঞ্চল ০৫ সেগুনবাগিচা কর্মস্থল থেকে শেষ কর্মদিবস পালন করে অবসরে ছিলেন তিনি।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম