নজরুল ইসলাম ।। আশুলিয়ায় পোশাক কারখানায় চাকরি দেয়ার নামে আরিফ হোসেন নামে এক তরুণ-কে অপহরণ ও হত্যাকান্ডের ঘটনায় মূল হোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে র্যাব-৪ এর সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানায়। গতরাতে গাজীপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিয়ান চালিয়ে তাদের-কে গ্রেপ্তার করা হয়।
আটককৃত আসামীরা হলো-রাজশাহীর বাগমারা থানার শ্রীপতিয়াপাড়া গ্রামের সেন্টু সরদার (৩৫), দিনাজপুরের বীরগঞ্জ থানার নৌপাড়া গ্রামের জমির উদ্দিন (৩৩), সুনামগঞ্জের ধর্মপাশা থানার রাব্বি আহম্মদ (২৭) ও টাঙ্গাইলের গোপালপুর থানার কামদেববাড়ী গ্রামের জহিরুল ইসলাম (৩৫)। তারা ৪ জনই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। গাজীপুর ও আশুলিয়া বসবাস করে আসছে।
হত্যা কান্ডের শিকার আরিফ হোসেন (১৯ সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার বাজরা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। তিনি পেশায় ছিলেন পোশাক রঙ কারখানার শ্রমিক ও গাজীপুরের কালিয়াকৈরে বসবাস করত।
নিহত আরিফের বাবা ওয়াজেদ আলী বলেন,আমার ছেলে হত্যা সুষ্ঠু বিচার চাই। যাতে আর কোনো বাবা মায়ের বুক এভাবে খালি না হয়।
উক্ত বিষয়ে র্যাব-৪ এর সিপিসি-২ এর অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খাঁন বলেন,এই চক্রটি চাকরিপ্রার্থী পোশাক শ্রমিকদের টার্গেট করে চাকরি প্রলোভন দেখায়। কারখানার ভুয়া জিএম সেজে দেখা করার নামে কৌশলে নির্জন স্থানে নিয়ে জিম্মি করে মুক্তিপণ দাবী করে।
র্যাব আরো জানায়,মূল পরিকল্পনাকারী ও এই অপরাধ চক্র গড়ে তোলার দলনেতা সেন্টু সরদার। তিনি বিভিন্ন কারখানার সামনে চাকরীপ্রার্থীদের টার্গেট করে মোবাইল নম্বর সংগ্রহ করত। পরে অপর আসামী জমির উদ্দিন নিজেকে কারখানার মহাব্যবস্থাপক পরিচয় দিয়ে কৌশলে নির্জনস্থানে ডেকে আনে। পরে চাকরিপ্রার্থীকে জিম্মী করে মারধর ও মুক্তিপণ আদায় করত। বাকী আসামীরা তাদের সহযোগী হিসেবে কাজ করে। চক্রটি গত ৩ থেকে ৪ বছরে অন্তত ৬০ টি এমন অপরাধের সাথে জড়িত। সবশেষ আশুলিয়ায় আরিফ নামে এক তরুণকে চাকরি নামে তাকে ডেকে নিয়ে জিম্মী করার চেষ্টা করে। বাঁধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে তারা। প্রাথমিকভাবে তারা হত্যাকান্ডের কথা স্বীকার করেছে।
এছাড়া তিনি আরো বলেন,অপরাধীরা স্বীকার করেছে যে, তারা সাভার, আশুলিয়া ও ধামরাই এর বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে টার্গেট করে চাকরীপ্রাত্যাশীদের কৌশলে নির্জন স্থানে ডেকে নিয়ে মুক্তিপণ আদায় করত। তারা চুরি ও ছিনতাইয়ের সাথেও জড়িত।
প্রসঙ্গত,এরআগে গতগত ২৪ জানুয়ারি আশুলিয়ার কলতাসূতি এলাকায় নির্জন স্থানে থেকে হাত-বাঁধা বিবস্ত্র অবস্থায় আরিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বড় ভাই আশুলিয়ায় থানায় অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন। সেই সূত্র ধরেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু