রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) সাধুকে নেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘এর আগে স্ট্রোকেই আক্রান্ত হয়েছিলেন হুমায়ূন সাধু। চিকিৎসকের পরামর্শে আমরা তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু রবিবার রাতে তার দ্বিতীয় দফায় স্ট্রোক হয়েছে। তিনি এখন মৃত্যুর সাথে লড়ছেন। যারা তাকে ভালবাসতেন তার জন্যে দোয়া করবেন।’
গত ৫ অক্টোবর হঠাৎ অসুস্থা হয়ে পড়লে হুমায়ূন সাধুকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অবস্থিত পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে গত সপ্তাহে তাকে ঢাকায় আনা হয়।
মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে শোবিজে হুমায়ূন সাধুর পথ চলা শুরু। নির্মাতা হতে চাইলেও অভিনয় দিয়ে দর্শকদের কাছে বেশি পরিচিতি পেয়েছেন।
চলতি বছর ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে তার প্রথম বই ‘ননাই’। অভিনয়, নির্মাণ ও লেখালেখি-তিনটিই সমানতালে চালিয়ে যাচ্ছিলেন ‘ঊন মানুষ’খ্যাত এই তারকা।
সর্বশেষ তিনি গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’-তে অভিনয় করেছেন।























































