নিজস্ব প্রতিবেদক।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে ধানের শীষের সমর্থনে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। এরই ধারাবাহিকতায় জিয়নপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলার আমতলী বাজারে এক বিশাল পথসভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি)বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে জিয়নপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আমতলী বাজারের প্রধান প্রধান সড়কে মিছিল করেন। মিছিল শেষে তারা সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষের নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
মিছিল পরবর্তী পথসভায় সভাপতিত্ব করেন জিয়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক বিশ্বাস। সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম তোতা-র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান আনিস। বক্তব্যের শুরুতেই তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন:”ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের স্বপ্নের ‘ন্যায় ও ইনসাফের’ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের কাছে বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফা সংস্কার প্রস্তাব পৌঁছে দিতে হবে এবং ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:মোঃ কামরুল ইসলাম, সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপি ও সহ-সভাপতি, দৌলতপুর উপজেলা বিএনপি।অ্যাডভোকেট নূরুল ইসলাম কন্টু, সাংগঠনিক সম্পাদক,দৌলতপুর উপজেলা বিএনপি।মোঃ মতিউর রহমান,যুব বিষয়ক সম্পাদক। উজ্জল হোসেন বাবু, রফিকুল ইসলাম ও মহসিন খান হিমেল, যুগ্ম আহ্বায়ক,দৌলতপুর উপজেলা যুবদল। আওলাদ হোসেন আরজু,সাবেক যুগ্ম আহ্বায়ক,দৌলতপুর উপজেলা ছাত্রদল। এছাড়াও জিয়নপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই পথসভা ও গণসংযোগে অংশ নেন। সভা শেষে একটি বিশাল মিছিল বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে।
এবিডি.কম/সিয়াম