বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা
রাঙামাটি প্রতিনিধি |
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বঙ্গভবন পরিদর্শন কর্মসূচির দ্বিতীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৩২ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষকের একটি প্রতিনিধিদল বঙ্গভবন পরিদর্শন করে। অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলামের নেতৃত্বে এ প্রতিনিধি দল অংশ নেয়। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীরাও ছিল।
এ সময় রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা, জ্ঞান অর্জন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ খুব ধনী দেশ নয়। তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। ভবিষ্যতে যে পেশাতেই নিয়োজিত হোক না কেন, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য এবং রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।
রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বঙ্গভবনে আসায় সন্তোষ প্রকাশ করে বলেন, তারা এত দূর থেকে বঙ্গভবন সম্পর্কে জানতে এসেছে, এতে তিনি আনন্দিত। শিক্ষার্থীদের জন্য বঙ্গভবন পরিদর্শন কর্মসূচির উদ্দেশ্যও তুলে ধরেন তিনি।
সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর আওতায় এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন। পরে রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও ফটোসেশনে অংশ নেন।
এ সময় রাষ্ট্রপতি রাঙামাটি সফরের আগ্রহ প্রকাশ করে বলেন, ‘রাঙামাটি যাওয়ার আমার ইচ্ছা ছিল। সময়-সুযোগ হলে আমি রাঙামাটি সফর করব।’
পরিদর্শনকালে প্রতিষ্ঠানের প্রভাষক মো. শাহ জালাল, তাসলিমাতুন নাহার এবং সিনিয়র সহকারী শিক্ষক নেত্রী রায় উপস্থিত ছিলেন। এ ছাড়া রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।