আমাদেরবাংলাদেশডেস্ক।। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারে নির্ভুল চার্জশিট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ (বুধবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গৃহিত কর্মসূচি বাস্তবায়নে নিরাপত্তামূলক ব্যবস্থা বিষয়ে আন্তঃমন্ত্রণালয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে কোনো যুদ্ধাপরাধী বা যুদ্ধের সময়ে বিতর্কিত ব্যক্তিকে যাতে আমন্ত্রণ না জানানো হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।
এ সময় আবরার ফাহাদ হত্যার চার্জশিট ও বিচার প্রসঙ্গে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিষয়টির বিচার আদালত করবে। আমরা আগেই বলেছি আমরা নির্ভুল চাজর্শিট দেয়ার জন্য প্রচেষ্টা নেবো। আমরা আশা করি, আমাদের তদন্ত সংস্থা পুলিশ বাহিনীর মাধ্যমে যে চার্জশিট দিয়েছে, তা নির্ভুল চার্জশিট।
আবরার হত্যাকাণ্ডের পলাতক আসামিদের গ্রেফতার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পলাতকদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে। আমাদের কাছে তথ্য থাকলে তাদের ধরে ফেলতাম। তবে বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের ঘরের কোনোখানে আশ্রয়-প্রশ্রয় হয়ত আছে, আমরা ধরে ফেলব।
সরকারের দুর্নীতি বিরোধী ও শুদ্ধি অভিযান প্রসঙ্গে জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, কোনো অভিযান থেমে নেই। অভিযান চলছে। তথ্যভিত্তিক অভিযান চালানোর জন্য আমরা নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দিয়েছি। যেখানেই তথ্য পাচ্ছি, সেখানেই ধরা হচ্ছে। এই অভিযান চলবে।
সড়ক আইন বাস্তবায়ন প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সড়ক বিভাগের মন্ত্রী বলেছেন, কিছুদিন আইনটি সম্পর্কে সবাইকে জানানো হবে। সময় মতো তিনি আইনটি প্রয়োগে আমাদের নির্দেশনা দেবেন। দেশের মানুষের মধ্যে আইন মেনে চলার প্রচেষ্টা রয়েছে। বিআরটিএ-তে ভিড় লেগে গেছে। জনগণকে বোঝালে তারা আইন মানার চেষ্টা করে।
তিনি আরও বলেন, ট্রাফিক পুলিশের যে দায়িত্বটি, তারা তা পূর্ণভাবেই পালন করছে।