আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সিলেটে ‘লবণের দাম বেড়েছে’ এমন গুজব ছড়িয়ে পড়ায় পর সোমবার (১৮ নভেম্বর) প্রায় সব খুচরা দোকানের লবণ বিক্রি হয়ে গেছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী লবণ দু-তিন গুণ বেশি দামে বিক্রি শুরু করেন। পরে রাতেই গোয়েন্দা পুলিশ, র্যাব ও জেলা প্রশাসন এ গুজব নিয়ন্ত্রণ করে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে নগরের বিভিন্ন দোকান দেখা গেছে লবণ শেষ। এতে সিলেটের খুচরা বাজারে লবণের সংকট দেখা দিচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, লবণের দাম বাড়েনি। হঠাৎ করে লবণের চাহিদা বাড়ায় এ মুহূর্তে দোকানে লবণ নেই। তবে দুপুরের পর পর দোকানে পাওয়া যাবে লবণ। দোকানের মালিকরা জানিয়েছেন, লবণে পর্যাপ্ত মজুত আছে।
সোমবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একদল ব্যবসায়ী অসৎ উদ্দেশ্যে সিলেটজুড়ে লবণের দাম বেশি বলে গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রি করে অতিরিক্ত লাভ আদায় করে তারা।
এদিকে, সিলেটের জেলা প্রশাসন ও পুলিশ জানায়, সাধারণ মানুষকে বোকা বানিয়ে ফায়দা লুটছে একটি চক্র। তবে গতকাল সোমবার রাতেই এই চক্রকে গুঁড়িয়ে দেয়া হয়েছে। প্রতিটি পাড়া-মহল্লায় অভিযান চালিয়ে জরিমানা, সচেতনতামূলক মাইকিংসহ অভিযান জোরদার করা হয়েছে। সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে।
এ বিষয়ে ব্যবসায়ী নেতারা মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লবণ পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হবে।