ক্রীড়া ডেস্ক: উপমহাদেশে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইডেন গার্ডেন্সে আজকের এই ম্যাচ দিয়ে নতুন যুগে প্রবেশ করবে দেশ দুটির ক্রিকেট। এই ম্যাচ দিয়েই শেষ হবে বাংলাদেশের ভারত সফর। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশের টেস্ট অভিষেকটা হয়েছিল ঘরের মাঠে ভারতের বিপক্ষে। এবার আরেকটি অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের। প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে, গোলাপি বলে। এবারও প্রতিপক্ষ ভারত। তবে, ভেন্যু এবার কলকাতার ইডেন গার্ডেনস। ভারতও প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে নামতে যাচ্ছে।
যদিও ফ্লাডলাইট ও গোলাপি বলের আলোচনায় অনেকে ভুলেই যাচ্ছেন দুই ম্যাচ সিরিজের এই শেষ ম্যাচ দিয়ে ভারত সফর শেষ করতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম টেস্টে ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ। ইন্দোর টেস্ট জিতে এরই মধ্যে টিম ইন্ডিয়া ১-০ তে লিড নিয়ে রেখেছে। দ্বিতীয় টেস্টে তাই ব্যাটসম্যানদের ওপরই চাপ থাকবে বেশি। গোলাপি বলে টেস্ট খেলার আগে যেভাবে নিজেদের প্রস্তুত করার দরকার সেই সময়টা পায়নি বাংলাদেশ। তবু গোলাপি বলের চ্যালেঞ্জে নেমে যাচ্ছে বাংলাদেশ।
দিবা-রাত্রির এই টেস্ট ম্যাচে ঘণ্টা বাজিয়ে ঐতিহাসিক গোলাপি বলের টেস্টের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টসের পর দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সারেন তারা। এসময় তাদের পাশে ছিলেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং শচীন টেন্ডুলকার।
বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটকিপার), নাঈম হাসান, আবু জায়েদ রাহী, আল আমিন হোসেন, এবাদত হোসেন।
ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ সামি