আমাদেরবাংলাদেশ ডেস্ক: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তৃতা দিতে কাল শনিবার ঢাকায় আসবেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামীকাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদেরও যোগদানের কথা রয়েছে।
বান কি মুনের শনিবার সকাল ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। শনিবার তার সম্মানে আয়োজিত ব্র্যাকের এক মধ্যাহ্নভোজনে যোগ দেবেন তিনি। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ঢাকা ত্যাগ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এক দিনের সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আব্দুল মোমেন নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন বান কি মুন।
এ বছরের জুলাইয়ে জলবায়ুবিষয়ক বৈশ্বিক অভিযোজন কমিশনের সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বান কি মুন। ওই সফরের সময় মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা কেমন আছে, তা দেখতে বান কি মুন কক্সবাজার গিয়েছিলেন।