আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সড়ক পরিবহন আইনে যে কয়েকটি ধারা নিয়ে পরিবহন মালিক শ্রমিকদের আপত্তি রয়েছে, সেগুলো রাতারাতি পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
আজ (সোমবার) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন করা হয়েছে জনগণের স্বার্থে। তাই তারা যেসব দাবি তুলেছে, সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। আইনের বাস্তবায়ন বন্ধ হয়ে যায়নি। তবে কিছু বিষয় ভেবে দেখা হচ্ছে, সেটাও বাস্তবতার স্বার্থে। তবে সেটাও জনগনের সুবিধার বাইরে যাবেনা।
পেঁয়াজ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ৮২ লাখ টন পেঁয়াজ বিদেশ থেকে আমদানী করা হয়েছে, দেশী পেঁয়াজও বাজারে আসা শুরু করেছে। শিগগিরই দাম সহনীয় পর্যায়ে আসবে বলে জানান তিনি।
এছাড়া অনুমতি না নিয়ে বিএনপির সভা-সমাবেশ করা ঘোষণাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অনুমতি ছাড়া সভা-সমাবেশ করার সেই সাহস, শক্তি বা সক্ষমতা বিএনপির নেই বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।