আমাদেরবাংলাদেশ ডেস্ক।।
নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে যে সাজা দেওয়া হয়েছে, সেটাকে সারাদেশের থানাগুলোর জন্য একটি অশনিসংকেত বলে মন্তব্য করেছেন মামলাটির বাদী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। একইসঙ্গে এই রায়কে মাইলফলক হিসেবে অভিহিত করেছেন তিনি।
রায় ঘোষণার পর বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার সুমন বলেন, নতুন ডিজিটাল নিরাপত্তা আইনে মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। একইসঙ্গে ১৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। আমি মনে করি এ রায় একটি দৃষ্টান্ত।
রায়টিকে মাইলফলক উল্লেখ করে সুমন বলেন, সারাদেশের থানাগুলোর জন্য অশনিসংকেত এই রায়। থানাগুলোতে যেভাবে জমিদার বাড়ির মতো নির্যাতন করা হয়, এর দৃষ্টান্ত এটি। এটি জাতির জন্য একটি মাইলফলক।