বরিশাল সংবাদদাতা।।
দ্বিতীয় দফায় আমদানি করা পেঁয়াজ টিসিবির মাধ্যমে সারাদেশের মত বরিশালেও ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এসব পেঁয়াজ কিনতে ভীড় লক্ষ্য করা গেছে বরিশাল নগরীতে।
রোববার সকাল থেকে নগরীর ডিসি অফিস, নগর ভবন এবং শেখ ফজলুল হক সড়কে ৪৫ টাকা ধরে পেঁয়াজ বিক্রির সংবাদ পাওয়া যায়।
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিসিবি’র পেঁয়াজ কিনতে পেরেছে অনেকে। কেউ আবার দীর্ঘ লাইন দেখে বাড়ি ফিরে গেছেন। তবে ডিলাররা স্বজনপ্রীতি আর প্রভাবশালীদের কাছে পেঁয়াজ বিক্রি করছেন বলে অনেকেই অভিযোগ করেছেন।
রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়কে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস কার্যালয়ের সামনে রাখা টিসিবি’র ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে ৪৫ টাকা দরে পেঁয়াজ কিনতে এসেছে শতশত মানুষ। যে যার মতো করে ঠেলাঠেলি করে লাইনে দাঁড়াচ্ছেন। এক পাশে পুরুষের দীর্ঘ লাইন আরেক পাশে নারীদের। লাইনে দাঁড়ানো নিয়ে মাঝে মাঝে শোনা যায় তর্কবিতর্ক। তবে লাইন সোজা করা আর বিশৃঙ্খলা রোধে কাজ করছে নগর পুলিশ।