নিজস্ব প্রতিবেদক।। দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার খুলছে জাহাঙ্গীনরগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। আর রোববার থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনের মুখে গত ৫ নভেম্বর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার আদেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার খুলছে বিশ্ববিদ্যালয়।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ সাংবাদিকদের জানান, সিন্ডিকেটের সদস্যদের মতামতের ভিত্তিতে হল খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরাও। শিক্ষা কার্যক্রম ব্যাহত না করে কর্মসূচি চালিয়ে দাবি আদায় করা হবে বলেও জানান তারা।
বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন ফ্যকল্প নিয়ে উপাচার্যের মধ্যস্থতায় ছাত্রলীগকে বড় অঙ্কের আর্থিক সুবিধা দেয়ার অভিযোগের তদন্তের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার মুখে ৫ নভেম্বর জরুরি সিন্ডিকেট সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।