আমাদেরবাংলাদেশ ডেস্ক: রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের বিচারিক আদালতে (আইসিজে) করা মামলার বিচার শুরু হয়েছে আজ। দেশের হয়ে আইনি লড়াই চালাতে আদালতে উপস্থিত আছেন মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি।
আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় বিকাল তিনটায় নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে তিনদিনের শুনানি শুরু হয়েছে।
শুনানির প্রথম দিনে রাখাইনে মিয়ানমারের সরকারি বাহিনীর চালানো বর্বরতার তথ্য-উপাত্ত ও দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চির ভূমিকা আদালতে তুলে ধরেন যুক্তরাষ্ট্রের আইনজীবী তাফাদজ পাসিপান্দো।
তিনি জানান, রোহিঙ্গা নারীদের ধর্ষণের কথা অস্বীকার করতে সুচি বলেছিলেন, ‘সেনাবাহিনী এবং বৌদ্ধ জনগোষ্ঠীর কেউ নোংরা বাঙালি মেয়েকে ছোঁবে না। ওরা আকর্ষণীয় নয়। ফেসবুকে ‘ফেক রেপ’ নামে যে পেজ খোলা হয়েছে সেটির নিয়ন্ত্রণও হচ্ছে স্টেট কাউন্সিলরের দপ্তর থেকে।’