স্টাফ রিপোর্টার।। রাজধানীর ফার্মগেটে বাসের ধাক্কায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে সখিনা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসচালক শাহ আলমকে আটক করা হয়েছে।
আজ রোববার বিকেলে ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। সখিনা বেগম পরিবার নিয়ে রাজধানীর খিলক্ষেত এলাকায় থাকতেন।
নিহত সখিনা বেগমের ছেলে শামীম আহমেদ সহকারী উপ-কৃষি কর্মকর্তা। তিনি খামারবাড়ি চাকরি করেন। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।
এ বিষয়ে পুলিশ জানায়, তেজগাঁওয়ে বোনের বাসায় দাওয়াত খেয়ে মাকে নিয়ে মোটরসাইকেলে করে বাসার উদ্দেশে রওনা দেন শামীম। পথে ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছন থেকে সখিনা বেগম পড়ে যান। পরে বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ছেলে শামীম অক্ষত রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) হাসনাত খন্দকার বলেন, বাসচালক শাহ আলমকে আটক করা হয়েছে এবং বাসটিও জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।