আমাদেরবাংলাদেশ ডেস্ক।। শোকের আবহে ফুলেল শ্রদ্ধায় চিরবিদায় জানানো হলো ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে।
সকাল সাড়ে ১০টার দিকে তাঁর মরদেহ আর্মি স্টেডিয়ামে নেয়া হয়। সকাল ৯টা থেকেই আর্মি স্টেডিয়ামে আসতে শুরু করেন সাধারণ মানুষ, বিশিষ্টজন ও তার দীর্ঘদিনের সহকর্মীরা। স্যার আবেদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের।
প্রথমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে স্যার ফজলে হাসান আবেদের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার এবং প্রধান নির্বাচন কমিশনার। শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অসহায় মানুষের জন্য জীবন বিলিয়ে দেয়া এই কিংবদন্তিকে শেষ বারের মত দেখতে আর্মি স্টেডিয়ামে ঢল নামে মানুষের।
পরে বেলা পৌনে একটার দিকে আর্মি স্টেডিয়ামে তাঁর জানাজা সম্পন্ন হয়। এতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। দুপুরে, বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় গুণী এই ব্যক্তিত্বকে।
ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও উন্নয়ন খাতের কিংবদন্তীসম ব্যক্তিত্ব স্যার ফজলে হাসান আবেদ ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৯৩৬ সালের ২৭ এপ্রিল হবিগঞ্জের বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন স্যার ফজলে হাসান আবেদ। বর্ণাঢ্য জীবনে তিনি কাজ করেছেন দেশ ও দেশের মানুষের উন্নয়নের জন্য। ১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠার মাধ্যমে নিজেকে নিয়োজিত করেন দারিদ্র্য দূর করার মহান ব্রতে।
এ বছর ব্র্যাকের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন স্যার ফজলে হাসান আবেদ। পরে তাঁকে প্রতিষ্ঠানটির ইমেরিটাস চেয়ার নির্বাচিত করা হয়।
কাজের স্বীকৃতি হিসেবে অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন স্যার ফজলে হাসান আবেদ। ব্রিটেনের রাণী প্রদত্ত নাইটহুড উপাধি পান তিনি। এছাড়াও তিনি র্যামন ম্যাগসাইসাই, ওয়াইজ প্রাইজ অব এডুকেশন, স্প্যানিশ অর্ডার অফ সিভিল ম্যারিট এবং ওয়ার্ল্ড ফুড প্রাইজসহ বহু আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হন।